নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সভায় জেলার বিভিন্ন এলাকার আম গবেষণা কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আবহাওয়া ও জাতভেদে আম পরিপক্ব হওয়ার সময় ভিন্ন হয়। তাই নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আম সংগ্রহ বা বাজারজাতকরণের সিদ্ধান্ত না নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তাঁরা। তাঁদের মতে, সময়সীমা নির্ধারণ করে দিলে অনেক সময় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।
সভায় বিষমুক্ত আম উৎপাদন, নিরাপদ বাজারজাতকরণ, সংরক্ষণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং সঠিক মূল্য ও ওজন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, আমের গুণগত মান বজায় রেখে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম আরও বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, আমচাষি ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় রেখেই প্রশাসন সব ধরনের সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকানিউজ/নাজ/২৪




