চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। বুধবার (৬ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। এতে বক্তারা সম্প্রতি চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজের ওপর হামলার ঘটনার নিন্দা জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কেবল ব্যক্তি আক্রমণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা অভিযোগ করেন, ঘটনার কয়েক দিন পার হলেও এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি।
মানববন্ধন থেকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে পারে।




