ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিশেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে এনে বিচার করতে হবে: রিজভী

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে এনে বিচার করতে হবে: রিজভী

নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে এনে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, শেখ হাসিনা কোনো সাধারণ রাজনৈতিক কারণে দেশ ছেড়ে যাননি, বরং ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে পালিয়ে গেছেন। তার পাসপোর্ট বা ভিসা থাকুক কিংবা না থাকুক, ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচার করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের নজরুল ইসলাম মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর খালেদ মোশাররফের ক্যুয়ের পর চার, পাঁচ ও ছয় নভেম্বর পেরিয়ে যখন দেশে আবার বাকশাল ও একদলীয় শাসনের শঙ্কা তৈরি হয়েছিল, তখন ৭ নভেম্বর সিপাহী-জনতা একসঙ্গে রাজপথে নেমে এসেছিল। সেই ঐতিহাসিক জাগরণেই আধিপত্যবাদের হাত থেকে রক্ষা পেয়েছিল দেশ। পরবর্তী সময়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই বিপ্লবের অন্তর্নিহিত প্রেরণা ছিল এই ৭ নভেম্বর। ছাত্র-জনতা নিজের জীবন বাজি রেখে এক রক্তপিপাসু দানবীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী চক্রের নানা ষড়যন্ত্র এখনো থামেনি।’

শেখ হাসিনার সাম্প্রতিক অবস্থান ও দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রত্যর্পণ আর প্রত্যাবর্তন এক বিষয় নয়। প্রত্যাবর্তন হলো কারও বিরুদ্ধে কোনো মামলা না থাকলে নিজ দেশে ফেরা। আর প্রত্যর্পণ হলো আইনি প্রক্রিয়া, যার সঙ্গে অপরাধের দণ্ড ও দেশের মধ্যে চুক্তি জড়িত। সাঈদ, মুগ্ধ ও হাজারও ছাত্র-জনতার রক্তে যার হাত রাঙা, তাকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে বরণ করার কথা ভাবা যায় না। তাকে আইন অনুযায়ী দেশে এনে আদালতের মুখোমুখি করতে হবে।’

মহিলা দলের নেতা-কর্মীদের অবদান স্মরণ করে তিনি আরও বলেন, ‘আন্দোলনে মহিলা দলের নেত্রীরা যে সাহস ও ত্যাগ দেখিয়েছেন, পুলিশি বাধা ও নির্যাতন সহ্য করে রাজপথে লড়াই করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য গণতন্ত্রের ধারাকে রক্ষা করতে হবে এবং নারীর ক্ষমতায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular