নিউজ ডেস্ক: মজুরি ও অন্যান্য ন্যায্য দাবির বিষয়ে এবার কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। এ সময় চলমান শ্রম অসন্তোষের মধ্যে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে সম্মানজনক ও যৌক্তিক মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পোশাক শ্রমিক সংগঠনসমূহের যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি ও হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মীর আবুল কালাম আজাদ।
ইন্ডাস্ট্রিআল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ- জিস্কপ, গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক পরিষদসহ অন্যান্য সংগঠনের নেতারা যৌথ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন৷
বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে সম্প্রতি চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, একটি যৌক্তিক মজুরি নির্ধারণের জন্য সবাই ঐক্যবদ্ধ থেকে মজুরি বোর্ডকে সহযোগিতার পাশাপাশি সরকার এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা ও দরকষাকষি চলতে থাকবে।
অতীতের ন্যায় এবার কোনোভাবেই শ্রমিকদের যৌক্তিক মজুরির দাবি ও অন্যান্য দাবির ব্যাপারে কোনো প্রকার আপস মেনে নেওয়া হবে না বলে শ্রমিকদের আশ্বস্ত করা হয়।
নভেম্বর ও ডিসেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়, এই সময়ে শিল্পের উৎপাদন ব্যাহত হলে শিল্পের ব্যাপক ক্ষতি সাধন হবে যা শ্রমিকদের জীবন জীবিকার উপর প্রভাব ফেলবে। কারণ এই শিল্পটি ৪০ লাখ শ্রমিকের ভাগ্য নির্ভর করে।
তৈরি পোশাক শিল্পের মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়, তারা যেন শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে একটি যৌক্তিক মজুরি নির্ধারণে ভূমিকা রাখেন এবং শ্রমিকদের কারখানা ও কারখানার বাইরে অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা করার পাশাপাশি দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত ও সমাধানের ব্যবস্থা করেন।
কারখানা বন্ধ কোনো সমাধান নয় বরং কারখানা বন্ধের মাধ্যমে শ্রমিকদের অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়িয়ে তোলা হবে উল্লেখ করে নেতারা বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানি দেওয়া হচ্ছে বলে তারা জানতে পেরেছেন। এ ব্যাপারে শ্রমিকদের ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানানো হয় এবং ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সঙ্গে যুক্ত না হতে ও কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোনো পদক্ষেপ গ্রহণ না করতে অনুরোধ করা হয়।
এছাড়া এই আন্দোলনকে কেন্দ্র করে যেসব ট্রেড ইউনিয়ন কর্মী এবং শ্রমিকদের হয়রানি ও গ্রেপ্তার করা হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে মুক্তি দেওয়া এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তবে সত্যিকারে কেউ যদি কারখানা ভাঙচুরে জড়িত থাকে সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, যদিও নেতারা মনে করেন এখানে কোনো শ্রমিক যুক্ত নয়।
শ্রমিকদের প্রয়োজন বিবেচনা করে শ্রমিক আন্দোলনের দাবির প্রেক্ষিতে সর্বশেষ শ্রম আইন সংশোধনীতে ৫ বছরের পরিবর্তে ৩ বছর করা হয়েছে। বিগত ২০২৪ সালে ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সরকার বাৎসরিক মজুরি বৃদ্ধি ৫ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ করা হয়েছে।
যদিও এই বৃদ্ধি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তুলনায় খুবই সামান্য ছিল এবং বিগত ২০২৩ সালে মজুরি নির্ধারণ যৌক্তিক না হওয়ার কারণে শ্রমিকদের মধ্যে শুরু থেকেই অসন্তোষ সৃষ্টি হয়। সরকারকে বাস্তব অবস্থা বিবেচনা করে এবং শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ৩ বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এবং সামগ্রিক মজুরি বোর্ড ও সরকার শ্রমিকদের প্রত্যাশা, জীবনযাত্রার ব্যয় ও সম্প্রতি বিবিএস সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের গবেষণা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি মজুরি বোর্ড একটি যৌক্তিক মজুরি সুপারিশ করবে। সরকার ইতোমধ্যে ঘোষণা করেছেন ঘোষিত মজুরি ডিসেম্বর ২০২৬ সালে কার্যকর হবে, তা দ্রুত বাস্তবায়ন হবে বলেও নেতারা আশা করেন।
শ্রমিক নেতারা বলেন, শুধুমাত্র মজুরি বৃদ্ধি শ্রমিকদের সমস্যার সমাধান নয়; বরং বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা, যাতায়াত এবং নাগরিক সুবিধা এ বিষয়গুলো নিয়ে একটি স্থায়ী সমাধান হওয়া খুবই জরুরি। কর্মক্ষেত্রে কাজের চাপ, শোভন কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
প্রাথমিক পদক্ষেপ হিসেবে হাসপাতালে আউটডোর সার্ভিস চালু করা হলে শ্রমিকদের স্বস্তি দেবে। পাশাপাশি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের সমন্বয়ে মালিক এবং সরকারের যৌথ তত্ত্বাবধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়, যাতে শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া বৃদ্ধি না পায়। মজুরি নির্ধারণ প্রক্রিয়া একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং অতীতেও সবসময় সময় নিয়ে করা হলেও এ বছর দ্রুত গতিতে এ প্রক্রিয়া শেষ হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।



