ক্রীড়া ডেস্ক: বিশ্বজুড়ে ক্রিস্তিয়ানো রোনালদোর অগণিত ভক্ত রয়েছে সেটা সবারই জানা। এবার চীনে পর্তুগিজ এই কিংবদন্তিকে দেওয়া হলো এক বিশেষ সম্মাননা।
গত শনিবার চীনের সাংহাইয়ে উন্মোচন করা হয়েছে ‘সিআর সেভেনের’ ৭ মিটার (প্রায় ২৩ ফুট) উঁচু একটি ভাস্কর্য।
বিশাল এই ভাস্কর্যে রোনালদোর বিখ্যাত সেই ‘সিউ’ উদযাপনের ভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে ৪১ বছর বয়সী এই মহাতারকাকে দেখা যাচ্ছে পর্তুগালের চিরচেনা ৭ নম্বর জার্সি গায়ে।
সাংহাইয়ের জনপ্রিয় ইস্ট নানজিং রোডে নতুন ‘সিআর সেভেন’ মিউজিয়ামের বাইরে ভাস্কর্যটি উন্মোচন করা হয়। এই বিশেষ মুহূর্ত উদযাপনে সেখানে ভিড় জমান অসংখ্য ফুটবলভক্ত। অনুষ্ঠানে রোনালদো নিজে উপস্থিত না থাকলেও তার বড় ভাই হুগো অ্যাভেইরো এবং ঘনিষ্ঠ বন্ধু মিগেল পাইশাও উপস্থিত ছিলেন। এ সময় তারাও সমর্থকদের সঙ্গে রোনালদোর সেই ট্রেডমার্ক উদযাপনে শামিল হন।
ভাস্কর্যটি উন্মোচনের পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সমর্থকেরা সমস্বরে ‘সিউ’ বলে চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
সাংহাইয়ের ‘সিআর সেভেন’ মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবেই ভাস্কর্যটি উন্মোচন করা হয়। এর মাধ্যমে ভক্তরা পর্তুগিজ এই মহাতারকার বর্ণাঢ্য ফুটবল যাত্রা কাছ থেকে ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন।
প্রায় ৩ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই জাদুঘরে রয়েছে ১০টি থিমভিত্তিক প্রদর্শনী এলাকা। তার ক্যারিয়ারের স্মৃতিবিজড়িত ট্রফি, জার্সি ও বুটসহ ৪০টিরও বেশি স্মারক এখানে রাখা হয়েছে।
পাশাপাশি মাদেইরায় রোনালদোর শৈশবের শোবার ঘরের আদলেও একটি অংশ তৈরি করা হয়েছে। ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে ওঠার আগের দিনগুলো সম্পর্কে দর্শনার্থীদের একটি ধারণা দেবে এই আয়োজন।
জাদুঘরে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ইন্টারেক্টিভ অভিজ্ঞতাও। এর ফলে ভক্তরা রোনালদোর বিখ্যাত মুহূর্তগুলো—এমনকি তার সেই চেনা উদযাপনের ভঙ্গিও নিজেরা অনুকরণ করে দেখতে পারবেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভাস্কর্যটি ২০২৬ সালের ডিসেম্বর শেষ হওয়া পর্যন্ত প্রদর্শনীতে রাখা হবে। অন্যদিকে জাদুঘরটি এক বছর চালু থাকার কথা রয়েছে।
ভাস্কর্য উন্মোচনের ঠিক এক দিন আগেই সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে হতাশাজনক এক সন্ধ্যা পার করেন রোনালদো। গত শুক্রবার জেদ্দায় আল আহলির বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৬-তে, যা ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ১৪ গোল দূরে।
তবে রোনালদোর সেই উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। আল নাসরকে এগিয়ে দেওয়ার চার মিনিট পরই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু তার নেওয়া শটটি গোলপোস্টে লেগে ফিরে আসে।



