ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে নারীশিক্ষা প্রসারে উদ্যোগ, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে চক্ষুচিকিৎসা সেবা

বগুড়া প্রতিনিধি: ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৫৪৮ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে জাইমা রহমানের ছবি সংবলিত মগ। একই কর্মসূচির অংশ হিসেবে দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে চক্ষুচিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকেরা।

রোববার (২৫ অক্টোবর) সকালে শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, নারীশিক্ষার প্রসার, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। বাইসাইকেল পেলে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমবে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়বে বলে আশা তাঁদের।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নারীশিক্ষার উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। মেয়েরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাল্যবিবাহ ও উত্ত্যক্তকরণ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মীর শাহে আলম বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে অতীতেও দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করেছেন তিনি। এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জিয়া পরিবারের মঙ্গল কামনায় গত ২০ বছর ধরে প্রতি শুক্রবার দেওয়ানতলা মাজার এলাকায় অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো ও তাদের কল্যাণে কাজ করাই এসব কর্মসূচির উদ্দেশ্য।

চক্ষুচিকিৎসা সেবা

এদিকে রোববার দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো চক্ষুচিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে এ সেবার আওতায় আনা হয়েছে। প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে বিনা মূল্যে চক্ষুচিকিৎসা দেওয়া হয়।

চক্ষুচিকিৎসা কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি দলটির বিরুদ্ধে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও খাল খনন কর্মসূচির কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, মোকামতলা ও শিবগঞ্জের যাঁদের চোখের সমস্যা রয়েছে, তাঁদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে বিনা মূল্যে চক্ষুসেবা দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular