নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ।
নজরুল জন্মজয়ন্তীর প্রাক্কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বাণীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
অধ্যাপক ইউনূস বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। কবি এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন উপমহাদেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ।
ব্রিটিশ শাসনামলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কবির কারাবাসের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, নজরুল প্রতিবাদের ভাষা হিসেবে কবিতাকে বেছে নিয়েছিলেন, যা তাকে বিদ্রোহী কবির উপাধি এনে দেয়।
এ বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে।
কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। তার ডাকনাম ছিল দুখু মিয়া।
কাজী নজরুল ইসলাম রবীন্দ্র-উত্তর বাংলা সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ। তিনি কবিতা, গান ও উপন্যাসে সাম্প্রদায়িকতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
অনন্ত প্রেরণার উৎস নজরুল কোমল আর কঠিনে মেশানো এক অপূর্ব ব্যক্তিত্ব। প্রেমে পূর্ণ, বেদনায় নীল; আবার প্রতিবাদে ঊর্মিমাতাল।
নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি রোববার নানা অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নিয়েছে।
এদিন সকালে জাতীয় কবির সমাধিতে বাংলা একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো।
পরে বিকাল ৪ টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নজরুল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
নন্দনের ‘বাঁশরী ও তূর্য’ অথবা নজরুলের সাহিত্য-চিন্তার কয়েক দিক শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন টাঙাইলের সরকারি সা’দত কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জগলুল আসাদ।
আলোচক থাকবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খন্ডকালীন শিক্ষক ও ‘বাঙ্গালা গবেষণার’ পরিচালক আফজালুল বাসার। সভা প্রধানের দায়িত্ব পালন করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এছাড়া সাংস্কৃতিক পর্বে রয়েছে নূর হোসেন রানার নির্দেশনা ও পরিচালনায় গীতিনাট্য ‘দেখবো এবার জগৎটাকে’।
কবিতা আবৃত্তি শোনাবেন লিজা চৌধুরী ও শামীমা চৌধুরী। নজরুলগীতি পরিবেশন করবেন সালাউদ্দিন আহমেদ, সুমন মজুমদার, আজগর আলীম, ফারাহ দিবা খান লাবণ্য।



