ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডজাবিতে টেন্ডার ছাড়া মাঠ সংস্কারের কাজ স্থগিত, তদন্ত কমিটি গঠন

জাবিতে টেন্ডার ছাড়া মাঠ সংস্কারের কাজ স্থগিত, তদন্ত কমিটি গঠন

জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন খেলার মাঠ সংস্কারে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন এবং দরপত্র (টেন্ডার) ছাড়া কাজ দেওয়ার অভিযোগ ওঠায় চলমান সংস্কার কাজ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এই অনিয়মের অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন খেলার মাঠ সংস্কারে পিপিআর লঙ্ঘনের অভিযোগ এবং কোনো দরপত্র ছাড়া কাজ দেওয়া সম্পর্কিত গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, মাঠ সংস্কারের কাজটি ইতোমধ্যে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযোগের সত্যতা যাচাইয়ের নিমিত্তে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবিরকে সভাপতি করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. খন্দকার শরিফুল হুদা ও দর্শন বিভাগের অধ্যাপক জাকির হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমানকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৬ আগস্ট) খবরের কাগজে ‘জাবিতে দরপত্র ছাড়াই মাঠ সংস্কার, কাজ করছেন লাইসেন্সবিহীন ঠিকাদার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উঠে আসে, উন্মুক্ত দরপত্রের নিয়ম তোয়াক্কা না করে প্রায় পৌনে ৬ লাখ টাকার কাজ এক লাইসেন্সবিহীন ঠিকাদারকে দেওয়া হয়েছে। সংস্কারের কাজের নামে অপরিকল্পিতভাবে দুটি কৃষ্ণচূড়া গাছও কেটে ফেলা হয়।

সে সময় কাজের দরপত্র আহ্বান এবং ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া নিয়ে হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রকল্প দপ্তরের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাসের পরিবেশবাদীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা কাজ বন্ধ রেখে সুষ্ঠু তদন্তের দাবি জানান। গণমাধ্যমে সংবাদ প্রকাশের দুই দিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ পদক্ষেপ নিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular