পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে—স্লোগানে নাগরিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ
সৈয়দ নূরুল্লাহেল সাদেক, জামালপুর প্রতিনিধি : ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ স্লোগানকে সামনে রেখে জামালপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু হয়েছে। জামালপুর জেলা প্রশাসন ও জামালপুর পৌরসভা যৌথভাবে এ অভিযানের আয়োজন করেছে।
অভিযানে উপস্থিত থেকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জামালপুর পৌরসভার প্রশাসক সুমি আক্তার বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকার বা পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। বর্তমানে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জনসচেতনতাও বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, জামালপুর পৌরসভাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মশা নিধনের ওষুধ ছিটানো ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পৌরসভার একার পক্ষে সম্ভব নয়, যদি নাগরিকেরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হন।
এ সময় জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জামালপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ড্রেন পরিষ্কার, মশক নিধনে ফগিং ও লার্ভিসাইডিং এবং বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে ডেঙ্গুর বাহক এডিস মশা ঘরের ভেতরে ও আঙিনায় জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মায়। তাই ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে।
তিনি নাগরিকদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান।



