জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে আসলাম হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।
দণ্ডিত আসলাম হোসেন বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকার হায়দর আলীর ছেলে।
মামলার এজাহার ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, আসলাম হোসেন ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। পরে পরিবারের পক্ষ থেকে ওই নারীকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর আসলাম ওই নারীর স্বামীর কাছে বিভিন্ন কথা বলে তাঁদের সংসারে অশান্তি সৃষ্টি করেন।
২০২৩ সালের ১০ জুলাই ওই নারীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। ওই বছরের ২০ জুলাই রাত তিনটার দিকে আসলাম তাঁর ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
পরে স্থানীয় লোকজন আসলামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনার দুই দিন পর, ২২ জুলাই, ওই নারীর বাবা আসলাম হোসেনকে আসামি করে বকশীগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, মামলায় মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রায় তিন বছর বিচারপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।
আদালত আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি চার লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।




