সৈয়দ নূরুল্লাহেল সাদেক, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় কুরবান আলী (৫৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়দের পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কুরবান আলী সরিষাবাড়ী উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক। তিনি রায়দের পাড়া এলাকার মৃত ফসের আলী শেখের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বিন্যাফৈর নতুন বাজারে অবস্থিত ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে কার্যক্রম শেষে নেতাকর্মীরা তালা লাগিয়ে বাড়ি চলে যান। পরে সোমবার ভোরে বাজারে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় বিবাদীদের পাশাপাশি অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন ব্যক্তিকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা হাতে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যেতে দেখা যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় কুরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।



