মো. ওমর ফারুক, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থায়। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইতিমধ্যে এর নেতিবাচক প্রভাব টের পাচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্কে একাধিকবার ডায়াল করেও কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে কল সংযোগ পেতে দেরি হচ্ছে, আবার মাঝপথেই কল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফলে দৈনন্দিন যোগাযোগে ভোগান্তি বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ সময়ের লোডশেডিং ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে মোবাইল নেটওয়ার্ক পরিচালনায় ব্যবহৃত টাওয়ারগুলো এখন অনেকটাই জেনারেটরনির্ভর হয়ে পড়েছে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হচ্ছে।
খাতসংশ্লিষ্টদের মতে, বর্তমানে দেশে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে দৈনিক প্রায় এক লাখ লিটার জ্বালানি প্রয়োজন হচ্ছে। বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহে আরও বিঘ্ন দেখা দিলে মোবাইল অপারেটরদের ডেটা সেন্টার ও নেটওয়ার্ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্যমতে, দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা সাড়ে ১৮ কোটির বেশি। এ অবস্থায় সংকট দীর্ঘায়িত হলে প্রথমে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে শহরাঞ্চলেও কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট এবং আংশিক নেটওয়ার্ক বিপর্যয়ের মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় জেনারেটর সচল রাখা সম্ভব না হলে নির্দিষ্ট এলাকায় সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও রয়েছে।




