ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজ্বালানি সংকট মোকাবিলায় সচেতনতার আহ্বান ভূমিমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সচেতনতার আহ্বান ভূমিমন্ত্রীর

সুনামগঞ্জ : আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করে এ সংকট মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “সরকারি জলমহাল আইন, ২০২৬-এর খসড়া চূড়ান্তকরণ” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, “জ্বালানি সংকটের প্রভাব যেন হাওর অঞ্চলের কৃষিতে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহারের ওপর জোর দিতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

ভূমিমন্ত্রী জানান, জলমহাল আইন, ২০২৬-এর খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। তিনি বলেন, “এভাবে অংশীজনদের সম্পৃক্ত করে আইন প্রণয়নের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ এবং বিরল।”

স্বাগত বক্তব্যে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে—জলমহালের প্রকৃত উপকারভোগীরা যেন এর সুফল পায় এবং একই সঙ্গে সরকারি রাজস্ব নিশ্চিত হয়।

উন্মুক্ত আলোচনায় বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির নেতারা অভিযোগ করেন, প্রকৃত জেলেরা জলমহালের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। মধ্যস্বত্বভোগীরা বেশি লাভবান হচ্ছেন বলে তারা দাবি করেন।

তারা জলমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং বিষয়টি নজরে রাখার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাছ ধরা বন্ধ মৌসুমে মৎস্যজীবীদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি জরুরি। তিনি হাঁস-মুরগি পালনসহ অন্যান্য আয়ের উৎস গড়ে তোলার পরামর্শ দেন। পাশাপাশি জলমহাল ইজারার মেয়াদ বাড়ানোর বিষয়েও চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং সুনামগঞ্জ-৫ আসনের এমপি কলিম উদ্দিন আহমদ দিলনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নতুন জলমহাল আইন প্রণয়নের মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীরা উপকৃত হবেন এবং দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular