তারিক মোহাম্মদ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থানা পুলিশ নাশকতা মামলার ৭ আসামীকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (৫ মে) দুপুরে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে ঝিকারগাছা থানার অফিসার ইনর্চাজ মো. বাবলুর রহমান খান জানান।
রবিবার (৪ মে) রাতে পৌরসদরের পারবাজার এলাকার একটি ফ্লাট বাসা থেকে গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আটককৃতরা সকলে যশোরের শার্শা উপজেলার আওয়ামীলীগের নেতা বলে জানাগেছে।
আটককৃতরা হলো যশোরের শার্শা উপজেলার ৩নম্বর বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান (৬৫), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি বেনাপোল পোর্ট থানার নটাদিঘা গ্রামের মুকুল হোসেন (৪৪), শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য চটকাপোতা গ্রামের সাহেব আলী (৫৫), একই উপজেলা যুবলীগের সদস্য পান্তাপাড়া গ্রামের মেম্বার মহিউদ্দিন আলম তোতা (৪০), শার্শা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গাতিপাড়া গ্রামের মেম্বার আব্দুল খালেক (৫৪), শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শার্শার কাজী আক্তারুজ্জামান মাখন (৫৪) ও শার্শা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মধ্যপাড়া গ্রামের হায়দার আলী (৩৭)।
পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদে তারা জানতে পারেন আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন নেতা ঝিকরগাছা পারবাজার এলাকার একটি বাড়িতে থেকে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। অপর একটি সূত্র বলছে ৬মাস ধরে ওই ফ্লাটটি ভাড়া নিয়ে তারা নিয়মিত জুয়া খেলা করতেন।



