১৩ দিন ধরে মোটরসাইকেল ফেরত না দেওয়ায় বিরোধ, ছেলেসহ বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম আহত হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার কাজিরদীঘিরপাড় বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়া কাজিরদীঘিরপাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি ওই বাজারে দরজির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত একটি মোটরসাইকেল একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা থাকলেও ১৩ দিন ধরে নানা টালবাহানা করে সেটি ফেরত দিচ্ছিলেন না শাকিল।
রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তাঁর বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে কাজিরদীঘিরপাড় বাজারে শাকিলের কাছে মোটরসাইকেলটি ফেরত চাইতে যান। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে শাকিল টালবাহানা শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন স্বজনেরা।
এতে হোসেন মিয়া ও তাঁর ছেলে সাইফুল ইসলাম আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।



