ক্রীড়া ডেস্ক: টি–টুয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৭০ রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড। আজ বিশ্বকাপে নিজেদের রেকর্ড গড়েই জিতল স্যান্টনারের দল।
আফগানিস্তান ১৮২ রান করেছিল গুলবদিনের ফিফটিতে। ফলে, আফগানিস্তানের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য দলটি তাড়া করেছে ১৩ বল বাকি থাকতে। হাতে ছিল ৫ উইকেটও।
লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে পড়েছিল কিউইরা। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হন ফিন অ্যালেন (১) এবং রাচিন রবীন্দ্র (০)। পর পর দুই বলে দুইজনকে শিকার বানান মুজিব উর রহমান। ৭৪ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন টিম সেইফার্ট এবং গ্লেন ফিলিপস।
দ্বিতীয় ওভারে ২ উইকেট হারানোর পর নিউজিল্যান্ড ব্যাকফুটে চলে যায়নি আর আক্রমণাত্মক ব্যাটিং থামায়নি। পাওয়ার প্লেতেই আর কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে ৫২ রান।
নিউজিল্যান্ডের হয়ে আজ কমপক্ষে ২০ রান করেছেন ৪ জন। এরমধ্যে সবচেয়ে কম স্ট্রাইকরেট টিম সাইফার্টের, তাঁর স্ট্রাইকরেটও ছিল ১৫৪.৭৬। বড় ইনিংস খেলার কাজটাও করেছেন তিনি। আউট হয়েছেন ৬৫ রান করে। ফিলিপস ৪২ করেছেন ২৫ বলে, চ্যাপম্যান করেছেন ১৭ বলে ২৮, ১৪ বলে ২৫ রান করেছেন মিচেল। অর্থাৎ, যে যার কাজটা করে গেছেন, আর জয়মাল্য সহজেই জুটেছে নিউজিল্যান্ডের।
রাজকীয় এবং সাবলীল জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৮২/৬ (গুলবদিন ৬৩, আতাল ২৯, গুরবাজ ২৭, রাসুলি ২০; ফার্গুসন ২/৪০, রবীন্দ্র ১/১৪)। নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৮৩/৫ (সাইফার্ট ৬৫, ফিলিপস ৪২; মুজিব ২/৩১, রশিদ ১/৩৬)। ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা: টিম সাইফার্ট।




