নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে ক্ষতিকর ট্যানারি বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বৈলর ইউনিয়নের বড়পুকুর পাড় এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, অভিযানে ক্ষতিকর ট্যানারি বর্জ্য মিশিয়ে পশুখাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় মেসার্স সুজন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. রিনা আক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একই এলাকার মেসার্স লতিফ ট্রেডার্সের মালিক মানিক মিয়াকে ৫ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডিং করপোরেশনের মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



