ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হচ্ছে। আগামী শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস বাস্তবায়ন নিয়ে আয়োজিত জরুরি মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলাসহ ইউনিয়ন, পৌরসভা ও মহানগর পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এডিস মশার লার্ভা উৎপাদনের সম্ভাব্য স্থান চিহ্নিত করে পরিষ্কার করার পাশাপাশি সাধারণ ময়লা-আবর্জনাও অপসারণ করা হবে।

তিনি বলেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এডিস মশার প্রজনন বাড়তে পারে। এ কারণে এ সময়ে ডেঙ্গুর প্রকোপও বাড়ার আশঙ্কা রয়েছে। রোগীদের চিকিৎসার পাশাপাশি এবার এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩৭ জনের মৃত্যু এবং প্রায় তিন হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি কলেজ, হাইস্কুল ও মাদরাসাকে এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতি শনিবার নির্ধারিত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। নর্দমা, খাল, পুকুরের কচুরিপানা, খেলার মাঠসহ এডিস মশার প্রজননস্থল হতে পারে—এমন স্থানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পাঁচটি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী শয্যাসংখ্যা বাড়ানো হবে।

উদ্বোধনী কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্বেচ্ছাসেবক দল, শিক্ষার্থী স্বেচ্ছাসেবক ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেবেন। একই সঙ্গে দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যুক্ত থাকবেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে স্থানীয় স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবেন।

উদ্বোধনী কর্মসূচি সমন্বয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিলটনকে যুগ্ম আহ্বায়ক করে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় পর্যায় থেকে জেলা ও মাঠপর্যায়ে প্রচার-প্রচারণায় সহযোগিতা করবে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular