নিউজ ডেস্ক: ব্যাটারিচালিত রিকশা পুরোপুরি বন্ধ না করে নিয়ন্ত্রণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
প্রস্তাবিত পরিকল্পনায় ঢাকাকে আটটি জোনে ভাগ করে রিকশা চলাচলের ব্যবস্থা করার কথা রয়েছে। মূল সড়কের পরিবর্তে নির্দিষ্ট স্থানীয় সড়ক ও অলিগলিতে চলাচলের অনুমতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বাস্তবে আটটি জোনে ভাগ করে চলাচল নিয়ন্ত্রণ, ডিজিটাল নিবন্ধন ও সৌরবিদ্যুৎনির্ভর চার্জিং ব্যবস্থা চালু হলে কতটা শৃঙ্খলা ফিরবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সচেতন নাগরিক আর এই পরিবর্তনে চালকদের জীবিকার ওপর মারাত্মক প্রভাব পড়বে বলে ধারণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকা শহরকে আটটি জোনে ভাগ করে ব্যাটারিচালিত রিকশা পরিচালনা করা হবে। জোনভেদে গাড়িতে থাকবে আলাদা রং ও পরিচিতিচিহ্ন। এক জোনের জন্য অনুমোদিত রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না।
প্রতিটি রিকশায় কিউআর কোডসহ ডিজিটাল নিবন্ধন ও ট্র্যাকিং ব্যবস্থা চালুর উদ্যোগও রয়েছে। এর মাধ্যমে গাড়ি শনাক্ত করা এবং একই নম্বর ব্যবহার করে একাধিক গাড়ি অবৈধভাবে চলাচল ঠেকানো যাবে।



