নিউজ ডেস্ক : আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বকেয়া বেতন দেওয়া হবে, কর্তৃপক্ষের এ আশ্বাসে রেলপথ ছেড়ে দিয়েছেন অবরোধকারীরা। এ সময়ের মধ্যে বেতন না পেলে আগামী রোববার (২২ ডিসেম্বর) আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে রেলপথ ছাড়েন তারা। ফলে তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। দুপুর একটা ৫৫ মিনিটে প্রথম ট্রেন এফডিসি রেলক্রসিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে কমলাপুর স্টেশনের দিকে যায়।
রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানরা এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের এফডিসি রেলগেট অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের একজন গেটকিপার সাব্বির হোসেন বলেন, রেলওয়ে ঢাকা বিভাগীয় ম্যানেজার এসেছিলেন এখানে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বেতনের টাকা তাদের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে। বেতন হিসাব করে অনলাইনে ইনপুট দিতে আর একদিন সময় লাগবে। তারা বলেছে সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে।
এ সময় তিনি হুঁশিয়ারি করে বলেন, যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয়, তাহলে আগামী রোববার সকালে আবারো এই আন্দোলন করা হবে। সেদিন কারো আশ্বাসে আমরা রেললাইন ছেড়ে যাবো না। বেতন না হওয়া পর্যন্ত আমরা রেললাইনে অবস্থান করবো।
ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, তাদেরকে যেখান থেকে বেতন দেওয়া হয়, সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে।



