গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে গফরগাঁও সরকারি কলেজ হলরুমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে কলেজ পর্যায়ে তরুন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গফরগাঁও মহিলা কলেজ এবং রানার্স আপ হয়েছে গফরগাঁও সরকারি কলেজ। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় গফরগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী এশা তানহা।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গফরগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. নাজমুল হুদা ও প্রভাষক মো. রফিকুল ইসলাম এবং গফরগাঁও মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব ও প্রভাষক সাব্বির কামাল।বিতর্ক প্রতিযোগিতায় সহযোগী অধ্যাপক ড. শিহাব উদ্দিন সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



