মজিদপুর বাজার থেকে করিম মিয়ার পুকুরপাড় পর্যন্ত সড়ক সিসি ঢালাই করা হবে
সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) : কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে ১ লাখ ৭১ হাজার ৬০০ টাকা ব্যয়ে একটি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর মজিদপুর বাজারের দক্ষিণ দিক থেকে করিম মিয়ার পুকুরপাড় পর্যন্ত সড়ক সিসি ঢালাইয়ের এ কাজের উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দে নেওয়া প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬-২৭ অর্থবছর। প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার। প্রকল্পটির সার্বিক তদারকিতে রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণই তাঁদের মূল অঙ্গীকার। গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। সড়কটি সিসি ঢালাই করা হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া এবং মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে এলাকার কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।



