-
জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনা জেলার দুর্গাপুরে কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আল আলিফ ফকিরের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে প্রধান রাস্তায় এই কর্মসূচির আয়োজন করে ‘নান্দাইল উপজেলা সাংবাদিক সমাজ’।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আল আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর বারবার হামলা ও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে। অবিলম্বে আল আলিফ ফকিরের হত্যাকারীদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে প্রশাসনকে জোরালো পদক্ষেপ নিতে হবে। মানববন্ধন ও সমাবেশ বক্তব্য রাখেন, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী, জালাল উদ্দিন মন্ডল, হান্নান আল আজাদ, রাশেদুজ্জামান,শফিকুর রহমান প্রমূখ।
এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আল আলিফ ফকিরকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এরপর থেকে সাংবাদিক সমাজ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানিয়ে আসছে।




