নিউজ ডেস্ক : কয়েক দিন আগে ৪২ বছরে পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স যে কেবল একটি সংখ্যা, তা মাঠে এবং মাঠের বাইরের অসংখ্য বার প্রমাণ করেছেন পর্তুগিজ মহাতারকা। এখনো যখন সবুজ গালিচায় বল পায়ে প্রতিপক্ষের ডি বক্সে হানা দেন সিআরসেভেন, তখন তাকে দেখে বোঝার অবকাশ থাকে না, তার ক্যারিয়ারের সূর্য গৌধূলিলগ্নে নাকি মধ্যগগনে। এবার নিজের নামের পাশে অনন্য রেকর্ড যোগ করেছেন রোনালদো, তার আগেই সুদূর যুক্তরাষ্ট্র থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে আখ্যা দিলেন সর্বকালের সেরা হিসেবে।
সৌদি প্রো লিগের ম্যাচের শনিবার রাতে আল হাজেমের বিপক্ষে মাঠে নামে আল নাসর। লিগ শিরোপা দৌড়ে এগিয়ে যেতে ম্যাচটিতে জয় ছিল মহাগুরুত্বপূর্ণ আল নাসরের জন্য। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ৪-০ গোলের জয় নিয়ে ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রোনালদো বাহিনী। যেখানে জোড়া গোল করে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে পর্তুগিজ মহাতারকা।
ম্যাচের ১৩তম মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো। এই গোলের মধ্য দিয়ে ৪২ বছর বয়সী রোনালদো ৩০ পেরোনোর পর ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। ফুটবল ইতিহাসে আগে কেউ করতে পারেনি। এই মাইলফলক স্পর্শ করতে পর্তুগিজ মহাতারকাকে খেলতে হয়েছে ৫৯২টি ম্যাচ।
এরপর ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সিআরসেভেন। এই দুই গোলের পর এখন রোনালদোর মোট গোলসংখ্যা ৯৬৪। হাজার গোলের জাদুকরি মাইলফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ৩৬ গোল। এমন দুর্দান্ত ব্যক্তিগত রেকর্ড ও জয়ের পর ম্যাচসেরা রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘যেখানে আমাদের থাকার কথা, আবার সেখানেই ফিরেছি।’
পর্তুগিজ তারকার এমন মাইলফলক স্পর্শ করার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রশংসা শুনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসর তারকাকে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে নিজের টিকটক হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে ট্রাম্প বলেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা। আমেরিকা তোমাকে চায়। এভাবেই চালিয়ে যাও-শিগগিরই এখানে তোমাকে দেখতে চাই আমরা।’ এর আগে গেল বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউজে গিয়েছিলেন রোনালদো। ট্রাম্প নিজে পর্তুগিজ কিংবদন্তিতে ঘুরে দেখিয়েছিলেন হোয়াইট হাউজ।



