নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানায় সংস্থাটি।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সোমবার (১৪ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানানো হয়, বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস এ বিষয়ে জানিয়েছে, আজ সোমবার দিন ও রাতে দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাগেরহাটের মোংলায় রোববার (১৩ অক্টোবর) দেশের সর্বোচ্চ ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার নীলফামারীর ডিমলায় দেশের সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গল ও বুধবার (১৫ ও ১৬ অক্টোবর) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ দুদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



