নিউজ ডেস্ক: কপ৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে।
তহবিল দুটি হলো ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) ও গ্লোবাল শিল্ড। এর মধ্যে সিআইএফ থেকে ৩ কোটি ডলার এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো পাওয়া যাবে। গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারলে অতিরিক্ত ২ কোটি ইউরো অনুদানের সম্ভাবনা রয়েছে। এ অর্থ পাওয়া গেলে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।
তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ রোববার ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
তিনি বলেন, সিআইএফ থেকে পাওয়া ৩ কোটি ডলারের অনুদানের পরিমাণ প্রায় ৩৭৪ কোটি টাকা। আর গ্লোবাল শিল্ডের ৩ কোটি ইউরোর অনুদানের পরিমাণ প্রায় ৪১০ কোটি টাকা। দুই উৎস থেকে নিশ্চিত হওয়া অর্থের পুরোটাই অনুদান, যা বাংলাদেশকে ফেরত দিতে হবে না। অতিরিক্ত ২ কোটি ইউরো পাওয়া গেলে গ্লোবাল শিল্ড থেকে মোট অনুদান হবে ৫ কোটি ইউরো।
ড. সাইমুম পারভেজ জানান, সিআইএফের অর্থ সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে। অন্যদিকে গ্লোবাল শিল্ডের সহায়তা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কাজে লাগানো হবে। জলবায়ু বীমা নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানও এ অর্থায়নের আওতায় আসবে। এসব কার্যক্রম তদারক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
জলবায়ু অর্থায়নে বাংলাদেশের অগ্রাধিকার অভিযোজন উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ।
পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতেও অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। বিশ্বজুড়ে জলবায়ু অর্থায়নে অনুদানের অংশ কমে ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভরতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ অনুদানভিত্তিক অর্থায়নের দাবি তুলেছে। ঋণের প্রয়োজন হলে তা সহজ শর্তে দেয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে বিশেষ সহকারী বলেন, প্রধানমন্ত্রী নিজে বিশ্বমঞ্চে বাংলাদেশের পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। প্রায় ৪৮ ঘণ্টার সফরে জাতীয় বক্তব্য দেয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর উত্থাপিত দাবির ভিত্তিতে পরবর্তী আলোচনায় অংশ নেয় বাংলাদেশ প্রতিনিধিদল। সম্মেলনের সময় বাড়ানো হলেও দেশে ফেরার সময় গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে চূড়ান্ত পর্যায়ের দরকষাকষি চলছিল।
এবারের সম্মেলনে ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বলেও জানান ড. সাইমুম পারভেজ।
তিনি বলেন, বৈঠকের পর জোটের সচিবালয়ের প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করা এবং এসব বনের ওপর নির্ভরশীল মানুষের জীবনমান উন্নয়নে জোটের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে অনুদান ও অংশীদারত্বের সুযোগ খতিয়ে দেখা হবে।
প্রতিনিধিদলের আকার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক অংশীদার, তরুণ জলবায়ুকর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।
অংশগ্রহণকারীদের একাংশের ব্যয় বহন করেছে আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলো। এবারের বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ব-অনুষ্ঠান হয়েছে। আলোচনা ও উপস্থিতির বিবেচনায় এটি সম্মেলনের অন্যতম প্রাণবন্ত প্যাভিলিয়ন ছিল বলে মনে করেন তিনি। তবে আগামী সম্মেলনে প্রতিনিধিদের নির্বাচনের ক্ষেত্রে আলোচনায় তাদের অবদানের বিষয়টি আরো গুরুত্ব পাবে।
কার্বন ক্রেডিট বিক্রির বিষয়ে বিশেষ সহকারী জানান, গত সাত-আট মাস ধরে এ-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছে। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কার্বন ক্রেডিট থেকে আয় এবং এ-সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
গোল্ড স্ট্যান্ডার্ড ও গ্লোবাল কার্বন কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গেও কথা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানানোর আশা প্রকাশ করে তিনি বলেন, লেনদেন চূড়ান্ত হলে এর পরিমাণ ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এদিকে বাংলাদেশের জন্য আরো অনুদান পেতে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলার তহবিলের সঙ্গে কাজ চলছে বলেও জানান ড. সাইমুম পারভেজ।



