নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দেশের জন্মলগ্ন থেকেই সিন্ডিকেট সমস্যা রয়েছে, অতি দ্রুত সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবে।
রাজধানীর কারওয়ানবাজারে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ভোক্তাদের কষ্ট লাঘবে হাতবদল ও সিন্ডিকেট বাদ দিতে হবে। সব বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এতে সহায়তায় করবে সরকার।
ভোক্তাদের যাতে সিন্ডিকেটের ওপর নির্ভর করতে না হয় তার জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, সিন্ডিকেট জন্মলগ্ন থেকেই সমস্যা, অতি দ্রুত এর দৌরাত্ম্য ভাঙা হবে।
বেসরকারি খাতে ঋণ সুবিধা দিতে সরকার সহায়তা করবে এবং সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর।
আর বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম ৩০ শতাংশ বাড়ে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।



