ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসনববর্ষ ১৪৩২ উদযাপনে নানান কর্মসূচি গ্রহণ

নববর্ষ ১৪৩২ উদযাপনে নানান কর্মসূচি গ্রহণ

নিউজ ডেস্ক: চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিগুলোর মধ্যে এবার প্রথমবারের মতো বেশ কিছু আয়োজন যুক্ত করা হয়েছে।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা জানায়, অনুষ্ঠানে ব্যান্ডসংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ, ভাইকিংস, এভোয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি, মারমা সম্প্রদায়ের ব্যান্ডদল চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ব্যান্ডদল ইমাং, চাকমা সম্প্রদায়ের ব্যান্ডদল ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ডদল ইউনিটি এবং গারো সম্প্রদায়ের ব্যান্ডদল এফ মাইনর। এই অনুষ্ঠানে ৫০ জন ঢাক-ঢোল বাদক এবং ৫০ জন লাঠিখেলা শিল্পীও অংশগ্রহণ করবেন।

নববর্ষ উপলক্ষে আগামী সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ২৮টি জাতিগোষ্ঠীর ৪৯৪ জন শিল্পী বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া, বম, ম্রো, রাখাইন, খিয়াং, বানাই, সাঁওতাল, ওঁরাও, তুরী, মাহালি, মালপাহাড়িয়া, কোল, মাহাতো, মুণ্ডা রাজোয়াড়, মনিপুরী, খাসিয়া, চা-জনগোষ্ঠী, গারো, হাজং, কোচ ও মালো।

এছাড়াও শোভাযাত্রায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবে এবং পৃথিবীর শান্তি কামনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে গান পরিবেশিত হবে।

নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চীনা দূতাবাস, ঢাকা এর কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর সহেযোগিতায় ‘ড্রোন শো’ ও ‘ব্যান্ড শো’ আয়োজিত হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ব্যান্ডদল, নৃত্যদল, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও যন্ত্রশিল্পীদের সমন্বয়ে ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হবে। অনুষ্ঠানে সমবেত যন্ত্রবাদন ও সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ, কণ্ঠশিল্পীবৃন্দ। সমবেত নৃত্য পরিবেশন করবে নান্দনিক নৃত্য সংগঠন, কায়া আশ্রম, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, স্বপ্ন ছোঁয়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ ও নবীন নৃত্যশিল্পীবৃন্দ। ব্যান্ড সংগীত পরিবেশন করবে বাংলা ফাইভ, সর্বনাম, অনিমেষ রায় ও তার দল এবং রে রে সংগঠন। এছাড়াও থাকবে একক সংগীত পরিবেশনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular