ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাসরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন পোর্টাল অন্তর্ভুক্তির দাবি

সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন পোর্টাল অন্তর্ভুক্তির দাবি

নিউজ ডেস্ক : দেশের নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকরা। তাদের মতে, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সংবাদব্যবস্থায় অনলাইন গণমাধ্যম জনগণের কাছে দ্রুত, নির্ভুল ও নিরবচ্ছিন্নভাবে সংবাদ পৌঁছে দিচ্ছে। অথচ সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় এ খাতের গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে আর্থিক বৈষম্যের শিকার হচ্ছে।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সম্পাদক ও প্রকাশকরা এ দাবি উত্থাপন করেন। বৈঠকে তারা বলেন, অনলাইন সংবাদপোর্টাল এখন দেশের মূলধারার গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়ন, জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি কার্যক্রম দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সম্পাদক ও প্রকাশকরা মন্ত্রীকে জানান, বর্তমান সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন সংবাদপোর্টাল অন্তর্ভুক্ত না থাকায় নিবন্ধিত পোর্টালগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। সংবাদ সংগ্রহ, প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষ জনবল নিয়োগ এবং মানসম্মত সাংবাদিকতা বজায় রাখতে এই খাতকে আর্থিকভাবে টেকসই করা জরুরি। তাই নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

আলোচনায় অংশ নেওয়া সম্পাদকরা আরও বলেন, ডিজিটাল যুগে সংবাদ গ্রহণের অভ্যাস দ্রুত পরিবর্তিত হয়েছে। বিপুলসংখ্যক পাঠক এখন অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের ওপর নির্ভরশীল। ফলে সরকারি তথ্য, উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বার্তা জনগণের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে অনলাইন পোর্টালগুলোকে সরকারি প্রচার ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা সময়ের দাবি।

বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত অনলাইন পোর্টালের মধ্যে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সম্পাদক ও প্রকাশকরা বলেন, নিবন্ধিত ও নীতিমালা অনুসরণকারী গণমাধ্যমকে উৎসাহিত করতে হলে কার্যকর নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন সম্পাদক ও প্রকাশকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, গণমাধ্যমের বিকাশ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকার গঠনমূলক প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ, বাংলা নিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক, রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান পিন্টু, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের প্রকাশক শাহাদাত হোসেন, রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

গণমাধ্যম বিশ্লেষকদের মতে, দেশে ডিজিটাল সংবাদমাধ্যমের বিস্তৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আধুনিকায়ন এখন সময়ের দাবি। নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে নীতিমালার আওতায় আনা হলে একদিকে যেমন দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতা আরও উৎসাহিত হবে, অন্যদিকে সরকারি তথ্য ও জনসচেতনতামূলক প্রচারণাও আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular