ঢাকা  রবিবার, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের সোনা ধরে রাখল ভারত

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের সোনা ধরে রাখল ভারত

ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণপদক ধরে রাখল ভারত। জাপানের নাগোয়ায় উত্তেজনাপূর্ণ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৯ রানে হারিয়েছে ভারত। টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে ক্রিকেটের সোনা জিতেছে ভারতীয় দল। চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে এটি ভারতের ১৯তম সোনা।

আজ (৩ অক্টোবর) নিশিনে করোগি স্পোর্টস পার্কে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার। একাদশে কোনো পরিবর্তন আনেনি দলটি। তিন হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা।

ইনিংসের শুরুতেই পাকিস্তানি বোলারদের ওপর ঝড় তোলেন ওপেনার অভিষেক। মাত্র ২৮ বলে ৬১ রানের এক দুর্দান্ত টর্নেডো ইনিংস খেলেন তিনি। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলেন তিলক বর্মা; মাত্র ২২ বলে করেন ৫১ রান। শিভম দুবের সঙ্গে ষষ্ঠ উইকেটে মাত্র ৩০ বলে ৬২ রানের বিধ্বংসী জুটি গড়ে ভারতের স্কোর ২০০ পার করে দেন তিলক।

২১২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লড়াকু মনোভাব দেখান পাকিস্তানি ব্যাটাররা। তবে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতেই রাখে ভারতীয় বোলাররা। পাকিস্তানের হয়ে লড়ে যান হাসান নওয়াজ। ৫১ বলে ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ শেষ মুহূর্ত পর্যন্ত আশা বাঁচিয়ে রাখেন তিনি।

শেষ ২৪ বলে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৮ রান, হাতে ছিল ৬টি উইকেট। হাসানের তাণ্ডবে ম্যাচ জয়ের বাস্তব সম্ভাবনা তৈরি করেছিল পাকিস্তান। দুবের করা ১৭তম ওভারে ১৬ রান উঠলে ম্যাচের উত্তেজনা তুঙ্গে পৌঁছায়।

১৮তম ওভারে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতীয় অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। মাত্র ৮ রান দিয়ে তুলে নেন আব্দুল সামাদের উইকেট। শেষ ১২ বলে ৪৪ রানের সমীকরণে দাঁড়ায় পাকিস্তান।

১৯তম ওভারে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ মাত্র ১১ রান দিলে শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন হয় ৩৩ রান। সেই অসম্ভব লক্ষ্য আর পার করতে পারেনি পাকিস্তান। ফলে ১৯ রানের জয়ে স্বর্ণপদক নিশ্চিত করে মাঠ ছাড়ে ভারত।

দিনের আরেক ম্যাচে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular