বিজ্ঞান ডেস্ক: প্রকৃতির ঝুড়িতে এখনো এমন অনেক অবিশ্বাস্য ও অমীমাংসিত রহস্য লুকিয়ে আছে, যা আমাদের চিন্তার সীমানাকে প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে।
হিজড়া সমস্যাসহ অনেক সমস্যাই আজ সমাধানের কৌশল আবিষ্কৃত হয়ে গেছে। চিকিৎসকরা জন্মের সময় নবজাতকের বাহ্যিক শারীরিক বৈশিষ্ট্য দেখে লিঙ্গ ‘শনাক্ত’ বা ঘোষণা করেন।
কিন্তু কিছু শিশু বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর রাতারাতি শরীর ও লিঙ্গ বদলে যায়। ক্যারিবিয়ান সাগরের এক বিচ্ছিন্ন গ্রামে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে, যা শুনলে মনে হবে রূপকথার কোনো গল্প। মেয়ে হিসেবে জন্ম নেওয়া বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর পুরোপুরি পুরুষে রূপান্তরিত হয়! কোনো অস্ত্রোপচার কিংবা কৃত্রিম হরমোন ছাড়াই এমন অদ্ভুত রূপান্তরের ঘটনা চিকিৎসাবিজ্ঞান এবং সমাজতত্ত্বকে দীর্ঘকাল হতবাক করে রেখেছে।
ক্যারিবিয়ান সাগরের ডমিনিকান রিপাবলিকের বারাহোনা প্রদেশের অত্যন্ত বিচ্ছিন্ন ও পাহাড়ি একটি ছোট্ট গ্রাম হলো সালিনাস (Salinas)। রাজধানী সান্তো ডমিঙ্গো থেকে বেশ দূরে অবস্থিত এই গ্রামটির পরিবেশ বেশ শান্ত হলেও, এটি বিশ্ববাসীর নজর কেড়েছে এক অবিশ্বাস্য জৈবিক বৈশিষ্ট্যের কারণে, যেখানে মেয়ে হিসেবে জন্ম নেওয়া শিশুরা বড় হয়ে স্বয়ংক্রিয়ভাবে পুরুষ হয়ে যায়। স্থানীয় ভাষায় এই বিশেষ শিশুদের বলা হয়–‘গুয়েভেডোকস’ (Guevedoces), যার আক্ষরিক অর্থ হলো ‘১২ বছর বয়সে পুরুষাঙ্গ প্রাপ্তি’। এছাড়া স্থানীয়দের কাছে এই অবস্থার আরেকটি চলতি নাম রয়েছে–‘মাকিহেমব্রাস’ (Machihembras), যার অর্থ হলো ‘প্রথমে নারী, পরে পুরুষ’।
গ্রামটির বাসিন্দাদের কাছে এটি কোনো লুকোছাপার বিষয় নয়, বরং চোখের সামনে ঘটে যাওয়া এক বাস্তব সত্য। এই গ্রামের কিছু শিশু যখন জন্মগ্রহণ করে, তখন তাদের বাহ্যিক শারীরিক গঠন দেখে মেয়ে বলেই মনে করা হয়। পরিবার ও সমাজ তাদের মেয়ে শিশু হিসেবেই লালন-পালন করে, তারা মেয়েদের পোশাক পরে এবং মেয়েদের মতো করেই বড় হয়। কিন্তু বয়স যখন ১২ বছর ছুঁয়ে যায়, তখন তাদের শরীরে শুরু হয় এক অভাবনীয় রূপান্তর। তাদের দৈহিক গঠন ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে এবং চিকিৎসকদের অবাক করে দিয়ে তারা পুরোপুরি একজন তরুণ বা পুরুষে রূপান্তরিত হয়। এই ধরনের ঘটনা সালিনাস গ্রামে কোনো বিচ্ছিন্ন কিছু নয়, বরং সেখানকার বহু পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি ঘটে আসছে।
দীর্ঘদিন ধরে মানুষ এই ঘটনাকে কোনো অভিশাপ বা জাদুকরী কোনো ঘটনা বলে মনে করত। কিন্তু ১৯৭০-এর দশকের শেষের দিকে কর্নেল ইউনিভার্সিটির বিশিষ্ট হরমোন বিশেষজ্ঞ ড. জুলিয়ান ইম্পেরাটো-ম্যাকগিনলি (Julian Imperato-McGinley) এই রহস্য ভেদ করতে ডমিনিকান রিপাবলিকের সেই সালিনাস গ্রামে যান। তিনি বেশ কয়েকজন রূপান্তরকারী মানুষের রক্ত পরীক্ষা করেন এবং দীর্ঘ গবেষণা চালিয়ে এর পেছনের অবিশ্বাস্য চিকিৎসা বিজ্ঞান উন্মোচন করেন। তার গবেষণায় বেরিয়ে আসা বৈজ্ঞানিক সত্যগুলো হলো–
জেনেটিক ত্রুটি: এটি কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা নয়, বরং জিনগত ও হরমোনের জন্মগত এক বিরল ত্রুটি (SRD5A2 জিনের মিউটেশন)।
এনজাইমের মারাত্মক ঘাটতি: মায়ের গর্ভে থাকাকালীন ভ্রূণের শরীর গঠনে নির্দিষ্ট একটি এনজাইমের প্রয়োজন হয়, যার নাম ‘৫-আলফা রিডাক্টেজ’। এই এনজাইমটি টেস্টোস্টেরনকে আরও শক্তিশালী হরমোনে (ডিহাইড্রোটেস্টোস্টেরন বা DHT) রূপান্তর করতে সাহায্য করে, যা পুরুষের বাহ্যিক প্রজনন অঙ্গ গঠন করে।
জন্মলগ্নে দৃষ্টির ভ্রান্তি: সালিনাস গ্রামের এই বিশেষ পরিবারগুলোর শিশুদের ক্ষেত্রে জিনগত কারণে জন্ম থেকেই ওই এনজাইমের ঘাটতি থাকে। ফলে জন্মলগ্নে তাদের বাহ্যিক প্রজনন অঙ্গ সঠিকভাবে গঠিত না হওয়ায় চিকিৎসকরা এবং পরিবার তাদের মেয়ে হিসেবেই চিহ্নিত করে ফেলে। তবে অভ্যন্তরীণভাবে তাদের শারীরিক গঠন ও ক্রোমোজোম পুরুষেরই থাকে।
বয়ঃসন্ধির বিস্ফোরণ: কিন্তু প্রকৃতির আসল খেলা শুরু হয় বয়ঃসন্ধির সময়। যখন শিশুর বয়স ১২ বা ১৩ বছর হয়, তখন হঠাৎ করে তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বহুগুণ বেড়ে যায়। এই বিপুল পরিমাণ টেস্টোস্টেরন তখন এনজাইমের ঘাটতিকে পাশ কাটিয়ে সরাসরি কাজ শুরু করে। ফলে আকস্মিক পরিবর্তনের মধ্য দিয়ে তাদের পেশি শক্ত হয়, কণ্ঠস্বর গভীর হয় এবং পূর্ণাঙ্গ পুরুষাঙ্গ বিকশিত হয়।
এমন একটি অদ্ভুত বা অস্বাভাবিক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার পর যেকোনো আধুনিক বা রক্ষণশীল সমাজেই সেই মানুষগুলোকে উপহাস করা বা একঘরে করে রাখার কথা। কিন্তু সালিনাস গ্রামের সামাজিক সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন ও অত্যন্ত সহনশীল।
সহজ স্বাভাবিক গ্রহণযোগ্যতা: সেখানকার সমাজ এই অদ্ভুত জৈবিক সত্যকে খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। কোনো রকম সামাজিক লুকোচুরি, হেনস্তা বা কুসংস্কার ছাড়াই সেই শিশুরা যখন বড় হয়ে তরুণ বা পুরুষ হিসেবে রূপান্তরিত হয়, তখন গ্রামের মানুষ তাদের নতুন পরিচয়কে আপন করে নেয়।
দৈনন্দিন জীবনের বদল: রূপান্তরের পর তারা আর আগের মতো মেয়েদের কাজ বা খেলাধুলা করে না, বরং গ্রামের স্বাভাবিক পুরুষদের মতো কঠোর পরিশ্রম, খেলাধুলা, পোশাক-আশাক এবং জীবনযাপন শুরু করে।
দাম্পত্য ও পারিবারিক জীবন: এই রূপান্তর হওয়া ব্যক্তিরা পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই পুরুষ হিসেবে জীবনসঙ্গী (নারী) বেছে নেন এবং সংসার ও পারিবারিক জীবনযাপন করেন।
সালিনাস গ্রামের এই ‘গুয়েভেডোকস’ ঘটনাটি কেবল কৌতূহলের বিষয় নয়, এটি আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে। প্রখ্যাত বিজ্ঞানী ড. জুলিয়ান ইম্পেরাটোর এই গবেষণা থেকেই চিকিৎসকরা বুঝতে পেরেছেন মানুষের শরীরের হরমোন ও এনজাইমের কার্যকারিতা কীভাবে লিঙ্গ নির্ধারণ করে। এই গবেষণার তথ্যের ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে চিকিৎসাবিজ্ঞানীরা প্রোস্টেট ক্যানসার এবং প্রোস্টেট বড় হয়ে যাওয়ার চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ (Finasteride) আবিষ্কার করতে সক্ষম হয়েছেন, যা সরাসরি এই ‘৫-আলফা রিডাক্টেজ’ এনজাইমকে টার্গেট করে কাজ করে।
প্রকৃতি নিজের খামখেয়ালে মানুষের পরিচয় এক লহমায় বদলে দেয়। সালিনাস গ্রামের সেই রহস্যময় রূপান্তর আমাদের মনে করিয়ে দেয়— প্রকৃতির ঝুড়িতে এখনো এমন অনেক অবিশ্বাস্য ও অমীমাংসিত রহস্য লুকিয়ে আছে, যা আমাদের চিন্তার সীমানাকে চ্যালেঞ্জ করে,এই সব আবিষ্কারের মধ্য দিয়েই আমরা জ্ঞান-বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাই।
/জয়তুন/



