আইন-আদালত ডেস্ক: প্রতারণার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে (বিদিশা এরশাদ) কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নথি সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান থানায় করা একটি মামলায় সাজা পরোয়ানার ভিত্তিতে বিদিশাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। মামলার রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
চলতি বছরের ২০ মে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
২০০৮ সালে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী মামলা করেন। মামলার বিবরণে জানা গেছে, বিদিশা ২০০১ সালের ১ জুলাই মোশাররফকে ফ্ল্যাট দেখান এবং ৮০ লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেন।
২০০১ সালের ১০ জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে নিয়ে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। বাদী ওই টাকা পরিশোধ করলে উভয় পক্ষের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।
তবে, ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বিদিশা তা করেননি। বাদী ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিলে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন।
পরে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি বাদীকে ৭২ লাখ টাকার একটি চেক দেন, যা ‘অপর্যাপ্ত তহবিল’ দেখিয়ে প্রত্যাখ্যাত হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




