নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার অভিযানের দ্বিতীয় দিনে উচ্ছেদ ছাড়াও জরিমানা আদায়, মালপত্র জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় দুই লাখ ৬১ হাজার টাকা জরিমানা ও ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, ট্রাফিক লালবাগ বিভাগ গতকাল ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় আইন অমান্য করায় ১৩ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। আর গ্রেপ্তার ব্যক্তিদের পাঠানো হয় আদালতে। ট্রাফিক ওয়ারী বিভাগ যাত্রাবাড়ী মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় রাস্তার পাশের অবৈধ দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয় ২২ হাজার ৫০০ টাকা। বাকিদের সতর্ক করা হয়।
ট্রাফিক রমনা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নিমতলী, বঙ্গবাজার হয়ে গোলাপশাহ মাজার ক্রসিং পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায়। এতে অবৈধভাবে পার্ক করা মোটরসাইকেলের বিরুদ্ধে ৫৬টি ভিডিও মামলা ও ১২টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা এবং প্রায় চার পিকআপ ভ্যানবোঝাই মালপত্র জব্দ করা হয়। অন্যদিকে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত অভিযান চালায় ট্রাফিক মিরপুর বিভাগ। অভিযানে ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, সকালে শ্যামলীর রিং রোডের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে পুলিশ। পথচারীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাসহ সড়কে যানজট এড়াতে এই অভিযান চালানোর কথা জানান অভিযান-সংশ্লিষ্টরা। অভিযানে ফুটপাত-রাস্তা দখল করে থাকা ছোট ছোট দোকান উচ্ছেদ করা হয়। ফুটপাতে থাকা কিছু মালপত্র জব্দ করা হয়।
ফুটপাত ও সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান শুরু হয় গত ১ এপ্রিল; চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এর আগে অবৈধ স্থাপনা ও সরঞ্জাম সরাতে গত ২৩ মার্চ গণবিজ্ঞপ্তি দিয়েছিল পুলিশ।




