রতন আলী, নাটোর প্রতিনিধি: আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।বড়াইগ্রাম থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।
সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। প্রধান অতিথি এসব অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও দিকনির্দেশনার কথা জানান।সভায় বক্তারা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়; জনগণের সচেতনতা ও সহযোগিতাও জরুরি। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, বনপাড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবির, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান নোমান, চান্দাই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাব হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিকসহ থানা পুলিশের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশি সেবার মান বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।




