ঢাকা  শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকজীবন ঝুঁকির সতর্কবার্তা পেয়েছেন গ্যারি কাসপারভ

জীবন ঝুঁকির সতর্কবার্তা পেয়েছেন গ্যারি কাসপারভ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ও লিথুয়ানিয়ার নিরাপত্তা সংস্থাগুলো তাকে এবং তার এক সহযোগীকে তাদের জীবন ঝুঁকিতে থাকার কথা জানিয়েছে বলে জানান ক্রেমলিনের সমালোচক ও দাবার কিংবদন্তি গ্যারি কাসপারভ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান।

কাসপারভ বলেন, ‘আমার দীর্ঘদিনের সহযোগী ও ফ্রি রাশিয়া ফোরামের সহ-প্রতিষ্ঠাতা ইভান তিউত্রিনসহ আমাকে হত্যার লক্ষ্যবস্তুর তালিকায় রাখা হয়েছে এ খবর আমার কাছে অপ্রত্যাশিত ছিল না। তবে তা সত্ত্বেও আমি হতবাক।

লিথুয়ানিয়া ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমাদের জীবন ঝুঁকিতে রয়েছে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া উচিত। আমি ঠিক সেটিই করেছি এবং ভবিষ্যতেও তা করে যাব।’

সেপ্টেম্বরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ পাঁচজন কথিত রুশ গোয়েন্দা এজেন্টের বিরুদ্ধে অভিযোগ আনার পর ৬৩ বছর বয়সি কাসপারভ এ বিবৃতি দেন।

তাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন স্থানে, এমনকি যুক্তরাষ্ট্রেও হামলা ও হত্যাকাণ্ড চালানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

মার্কিন বিচার বিভাগ জানায়, ওই গোষ্ঠী চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ‘বিশিষ্ট রুশ ভিন্নমতাবলম্বীকে’ হত্যার চেষ্টা করেছিল।

তবে মার্কিন কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করেনি। তাকে শুধু ‘ভিকটিম-১’ হিসেবে অভিহিত করা হয়েছে।

অভিযুক্তদের একজন রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবির কর্মকর্তা।

স্পেনের সংবাদপত্র এল মুন্দো বুধবার কাসপারভের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানায়, রুশ এজেন্টরা কাসপারভের পাশাপাশি সাবেক রুশ আইনপ্রণেতা ও পরবর্তী সময়ে সমালোচকে পরিণত হওয়া ইলিয়া পোনোমারিওভকে হত্যার পরিকল্পনা করেছিল।

২০১৬ সালে কাসপারভ ও তিউত্রিন ‘ফ্রি রাশিয়া ফোরাম’ প্রতিষ্ঠা করেন। সংগঠনটি ইউক্রেনের সামরিক বাহিনীকে সমর্থনের পক্ষে অবস্থান নেয় এবং যুদ্ধবিরোধী সম্মেলনের আয়োজন করে।

২০২৩ সালে রাশিয়া সংগঠনটিকে ‘অবাঞ্ছিত সংগঠন’ হিসেবে ঘোষণা করে। ২০২৫ সালে এটিকে ‘সন্ত্রাসী’ সংগঠনের তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র: এএফপি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular