নিউজ ডেস্ক: বর্ষাকালে রিকশা ও ভ্যানচালকদের জন্য রেইনকোট বিতরণ করে বাংলালিংক প্রশংসনীয় এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।
চলমান বর্ষা মৌসুমে দেশের ১০টি সিটি করপোরেশন এলাকার রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ উদ্যোগের আওতায় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীর মতো প্রধান নগর এলাকাগুলো রয়েছে।
দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে বাংলালিংক বর্ষাকালে জীবিকার তাগিদে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যাওয়া নিত্যদিনের কর্মজীবী মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে।
এ উদ্যোগ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “আমরা সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলি। এই উদ্যোগ সেই ভাবনারই বাস্তব রুপ। শ্রমজীবী এসব মানুষ বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের শহরগুলোকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি রেইনকোট হয়তো ছোট একটি উদ্যোগ, তবে এর মাধ্যমে তাদের পরিশ্রমকে আমরা সম্মান জানাচ্ছি। একই সঙ্গে এ উদ্যোগ মানুষের কল্যাণে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিরও প্রকাশ।”




