ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধবাকৃবির গবেষণা প্রকল্পের চুরি হওয়া ভেড়ার মধ্যে চারটি উদ্ধার, গ্রেফতার ২

বাকৃবির গবেষণা প্রকল্পের চুরি হওয়া ভেড়ার মধ্যে চারটি উদ্ধার, গ্রেফতার ২

নিউজ ডেস্ক : রোববার (৫ অক্টোবর) ভোরে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে গত ১৭ সেপ্টেম্বর রাতে চুরি হওয়া ১৪টি ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের ভেড়ার মধ্যে চারটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, চোরেরা ভেড়াগুলো চুরি করে টঙ্গী থানার এলাকায় নিয়ে যায়। ছয়টি ভেড়া এক ব্যক্তির কাছে রাখা ছিল এবং বাকি সাতটি বিভিন্ন স্থানে বিক্রি করা হয়েছিল। অভিযান চালিয়ে ছয়টির মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে; বাকি দুটি দুর্ভাগ্যবশত মারা গেছে। সাতটি ভেড়া এখনও উদ্ধারের অপেক্ষায় আছে এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে চেষ্টা চলছে — বলেন ওসি।

ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন — টঙ্গী পশ্চিম থানা এলাকার মৃত হোসেন সিকদারের ছেলে আবুল কালাম (৪৮) ও মৃত কসর উদ্দিন শেখের ছেলে হিরা মিয়া (৩৫)।

আরো পড়ুন : প্রজনন এবং গবেষণা প্রকল্পের ভেড়া চুরি

বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি বলেছেন, “দরপার ও গাড়ল প্রজাতির এসব ভেড়া নিয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ একটি গবেষণা চলছিল। এর মাধ্যমে দেশে প্রথমবার ভ্রূণ স্থানান্তরের মাধ্যমে ভেড়ার বাচ্চা উৎপাদন সম্ভব করার চেষ্টা করা হচ্ছিল। ভেড়া উদ্ধারের খবরে আমি অনেক খুশি — এতে গবেষণাকাজে অনেক উপকার হবে।”

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতের কোনো এক সময়ে বাকৃবির গবেষণা প্রকল্পের ১৯টি দরপার ও গাড়ল জাতের ভেড়ার মধ্যে ১৪টি চুরি হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গেটসংলগ্ন খামার থেকে এসব ভেড়া হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে; প্রতিটি ভেড়ার ওজন ছিল প্রায় ৩০–৪০ কেজি। ঘটনার দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা নজমুল ইসলাম কোতোয়ালি মডেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular