ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ঢাকাগামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বেলাল হোসেন (৩৫) ও সঞ্জয় কুমার রায় (২৭) নামের দুই যুবক নিহত হয়েছে। দূর্ঘটনাটি ঘটে ১১ মে রোববার দিবাগত রাত সাড়ে এগারোটায় রংপুর জেলার কাউনিয়া উপজেলার বুরাল ব্রিজ সংলগ্ন এলাকায়।

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে আসা ঢাকাগামী শাহ আলী পরিবহনের একটি বাস যার নম্বর ঢাকা মেট্রো ব- ১৪-৬২৪৫ বেপরোয়া গতিতে চালিয়ে অপর দিক থেকে আসা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মটরসাইকেলের আরোহী বেলাল ও সঞ্জয় সিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। পরে কাউনিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ও ঘাতক বাসটিকে জব্দ করে। নিহত বেলাল ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। সঞ্জয় একই উপজেলার কবির মামুদ খামারটারী এলাকার নিবারণ চন্দ্রের ছেলে। তারা দুইজনেই বিবাহিত।

নিহতের চাচা সুমন কুমার রায় জানান, সঞ্জয় ও বেলাল একই মোটরসাইকেলে রংপুর থেকে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যুবরণ করে। আমরা খবর পেয়ে কাউনিয়া থানা থেকে লাশ বাড়িতে নিয়ে আসি। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান বিষয়টি শুনেছি। তবে দুর্ঘটনাটি আমার এলাকায় নয়। কাউনিয়া থানার পুলিশ ঘটনাটি জানেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ জানান, ঢাকাগামী বাসের সাথে দুইজন মোটরসাইকেল আরোহী সংঘর্ষ হয়।সেখানে বাস উল্টে গিয়ে পাশে পড়ে। বাসের কোন যাত্রীর ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুইজন মারা যায়। পরে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular