নিউজ ডেস্ক: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
রুমিন ফারহানা বলেন, সরকারের ১৮০ দিনের মধ্যে প্রথম তিনটি অগ্রাধিকারের একটি ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্বিতীয়টি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং তৃতীয়টি জ্বালানি খাতের নিশ্চয়তা।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, এ বিষয়ে প্রশ্ন উঠলেই কখনো ব্যঙ্গ, আবার কখনো বাকচাতুর্যের মাধ্যমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অথচ সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা ভিন্ন।
জ্বালানিসংকট প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। বিদ্যুৎ ও গ্যাস কখন আসে আর কখন যায়, সেটিই এখন মানুষের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, নির্বাচনে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকারের ছয় মাসের মধ্যে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি কতটা সম্ভব?
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া কঠিন হয়ে পড়েছে। কয়েক দফায় বেড়েছে ডিমের দাম। চালের দামও বেড়েছে। মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ বাড়ার পাশাপাশি টিসিবির লাইনে মানুষের দীর্ঘ সারি বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে।




