রাশিদুল রাশেদ, নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের বিশাল লক্ষ্যমাত্রার রাজস্ব আদায়ের (৬ লাখ ৪ হাজার কোটি টাকা) পূরণে অতীতের সব অভ্যন্তরীণ বিভেদ ও দ্বন্দ্ব ভুলে একসঙ্গে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।
এনবিআরের নতুন চেয়ারম্যান মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিশেষ রোডম্যাপ তৈরি করেছেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এবং আভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত বছরের মে মাসে অধ্যাদেশ জারি করে বিগত অন্তর্বর্তী সরকার। এর প্রতিবাদে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা- কর্মচারীরা ব্যপকভাবে আন্দোলন করেন।
এরপর ঐ আন্দোলনের নেতৃত্ব দেওয়া কিছু কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয় এবং করো কারো বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। পরে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পর আন্দোলন কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।




