নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সদস্য, বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্য ও বিশিষ্ট সমাজসেবী নিলুফার খানম এ্যানির (৬১) স্মরণে কুষ্টিয়ায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ এপ্রিল, শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মজিবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে এই স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন খ্যাতিমান কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. এস. আর. খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য সৈয়দ রেজওয়ানুল কবির।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টরলিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রয়াত সমাজসেবী নিলুফার খানম এ্যানির স্মরণ সভা শুরু হয়। এই স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ড. আমানুর আমান, সাংবাদিক মিজানুর রহমান লাকী, নুরুল কাদের, ডা. মোহনা আফরোজ, আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি ও কুষ্টিয়া জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু, সমর ঘোষ, সিনিয়র সাংবাদিক কাজি শহিদুল আলম প্রমুখ।
বক্তাগণ মরহুমা নিলুফার খানম এ্যানির সমাজসেবামূলক কর্মকাণ্ড, স্বাস্থ্যসেবা ও মানবসেবায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিসহ সকল বক্তাই এ্যানির অতিথিপরায়ণতা, মানুষের প্রতি তাঁর সহানুভূতি, সমাজের প্রতি তাঁর দায়িত্বশীলতার বিভিন্ন দিক শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনেক বক্তাই এ্যানির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিশিষ্ট সমাজসেবী নিলুফার খানম এ্যানি গত ২৫ ফেব্রুয়ারি চিকৎসারত অবস্থায় আমেরিকার বোস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের শীর্ষস্থানীয় হাসপাতাল বেথ ইসরায়েল ডেকোনেস মেডিকেল সেন্টারে মৃত্যুবরণ করেন। ৪ এপ্রিল তাঁর মরদেহ ঢাকায় আনা হয়। এ্যানি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সহধর্মিণী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও লেখক কনক চৌধুর। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশন।




