ঢাকা  বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedবিশ্বকাপে ‘গর্বিত ও সফল অংশগ্রহণে’ প্রস্তুত ইরান

বিশ্বকাপে ‘গর্বিত ও সফল অংশগ্রহণে’ প্রস্তুত ইরান

ক্রীড়া ডেস্ক: আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে ইরান ফুটবল দল। দেশটির সরকার বলছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে দলটি ‘গর্বিত ও সফল অংশগ্রহণের’ জন্য প্রস্তুত। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহেজার্নি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় দলের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ফিফা শুরু থেকেই জানিয়ে আসছে, নির্ধারিত সূচি অনুযায়ী-ই ইরান বিশ্বকাপে খেলবে এবং ম্যাচ অন্য দেশে সরানোর কোনো পরিকল্পনা নেই।

এদিকে জিয়ান্নি ইনফ্যান্তিনো সম্প্রতি তুরস্কে গিয়ে ইরানের ফুটবলার ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি দলের জন্য দেশের বাইরে একটি প্রস্তুতি ক্যাম্প আয়োজনের আশ্বাস দেন। সম্ভাব্য ভেন্যু হিসেবে তুরস্কের কথাও আলোচনায় রয়েছে।

ইরানের ঘরোয়া লিগ যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকলেও, দলটি ইতোমধ্যে তেহরানে অনুশীলন শুরু করেছে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

তবে এখনো একটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি- ইরানি দল ও কর্মকর্তাদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদন। বিশেষ করে ফেডারেশন সভাপতি মেহদি তাজের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সূচি অনুযায়ী, ইরান গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে খেলবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে ৪৮ দলের এই বিশ্বকাপ, যা শুরু হবে ১১ জুন। সব অনিশ্চয়তার মধ্যেও ইরানের বার্তা পরিষ্কার- বিশ্বকাপ মঞ্চে নিজেদের উপস্থিতি জানাতে তারা প্রস্তুত।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular