ঢাকা নিউজ ডেস্কঃবিশ্বমঞ্চে সেরা ডিপ্লোম্যাট হয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের পতাকা উড়ালো গফরগাঁওয়ের সৌমিত্র সিনহা। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ মডেল ইউনাইটেড নেশনস (MUN) বা ছায়া জাতিসংঘ সম্মেলনে বিশ্বের ১০০টি দেশের মেধাবী শিক্ষার্থীদের পেছনে ফেলে সেরা ডিপ্লোম্যাট নির্বাচিত হয়েছে সৌমিত্র।
ময়মনসিংহের গফরগাঁওয়ের গর্ব সৌমিত্র সিনহা পৌর শহরের পন্ডিতপাড়া এলাকার সুশান্ত সিংহের সন্তান। তার পিতামহ বিশিষ্ট শিক্ষাবিদ,সমাজ সংস্কারক গফরগাঁও রোস্তম আলী গোলন্দাজ হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল চন্দ্র সিংহ একজন সুপণ্ডিত।
সৌমিত্র সিনহার বাবা বিশিষ্ট ব্যাংকার সুশান্ত সিংহ শিক্ষা জীবনে আলোকিত শিক্ষার্থী হিসেবে নিজেও এলাকায় জন্য গৌরব বয়ে আনেন। তিনি ছেলের এই সাফল্য নিয়ে বলেন,সৌমিত্র ইতিপূর্বে দেশের গন্ডি পেরিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের আরো একটি প্রতিযোগিতায় সেরা প্রতিনিধির কৃতিত্ব অর্জন করে। এবার বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ আলোকিত করেছে।সে এখন আর শুধু আমার পরিবারের গর্ব নয়,দেশের গৌরব।
বর্তমানে সৌমিত্র গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। বিশ্বমঞ্চে তার এমন অসাধারণ অর্জন নতুন প্রজন্মের জন্য হবে অনুপ্রেরণার সোপান।
সৌমিত্রকে আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য অসীম শুভকামনা জানিয়েছেন তার চাচা বৃটেন প্রবাসী একসময়ের তুখোড় ছাত্রনেতা বিভাস চন্দ্র সাহা।সুদূর প্রবাস থেকে এক শুভেচ্ছা বার্তা পাঠিয়ে তিনি বলেন,সৌমিত্রের এই গৌরবময় অর্জন আমার জন্মভূমি ও দেশকে বিশ্ব মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।এই তরুণ মেধাবী শিক্ষার্থীরা একদিন দেশকালের গন্ডি পেরিয়ে বিশ্ব মঞ্চে আসীন হবে। সেই পথের কান্ডারী আজকের বিজয়ী সৌমিত্র সিনহা।
বিশিষ্ট শিক্ষাবিদ গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কমলেন্দু দাস বলেন,
বাংলাদেশের অদম্য মেধাবী সৌমিত্র সিনহা
বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ সমুজ্জ্বল করেছে,তাকে গফরগাঁওবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।এই তরুণরা আগামীর বাংলাদেশ,এই সাফল্য তার উজ্জ্বল প্রমাণ।



