ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়চার ফ্লাইট দিয়ে চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

চার ফ্লাইট দিয়ে চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

নিউজ ডেস্ক:  প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড বা তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু হবে। আপাতত দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। এ ফ্লাইটগুলো নিয়মিত চলার পাশাপাশি ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী এ কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনাল-৩ এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সচল করার কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যান্য কাজও চলমান থাকবে। এরপর আগামী মার্চে টার্মিনালটি পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় টার্মিনাল চালুর লক্ষ্যে ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু করা, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular