আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানের জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী, দেশটির আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ১১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ২০১১ সালে স্বাধীনতা লাভের পর দেশটির প্রথম এই নির্বাচন অনুষ্ঠানের তারিখ এ নিয়ে আরও একবার পেছানো হলো।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় নির্বাচন কমিশনের কমিশনার ও মুখপাত্র জোসেফাইন আচিরো ফরতেলো বার্তা সংস্থা রয়টার্সকে নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ২২ ডিসেম্বর দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচন স্থগিত করার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই আমরা এই নতুন সময়সূচি নির্ধারণ করেছি।
এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ সুদান বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়েছিল, দেশটিতে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের মতো প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ও অনুকূল পরিবেশের অভাব রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের এক শান্তি চুক্তির মাধ্যমে দক্ষিণ সুদানে পাঁচ বছরব্যাপী ভয়াবহ গৃহযুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে, যে সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি হয়েছিল। দেশটিতে বর্তমানে আনুষ্ঠানিকভাবে শান্তি বিরাজ করলেও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে থাকে।
সূত্র: রয়টার্স



