নিউজ ডেস্ক: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিটির কার্যকরী সভাপতি একরামুল হক গাজী লিটনের সভাপতিত্বে ৩ মে সকাল ১০ টায়- শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা ও দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদী, উপদেষ্টা আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ওয়াজেদ রানা, রাজিবুল আহসান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের জন্য নিরাপত্তা আইন-এর পাশাপাশি সর্বোচ্চ চেষ্টায় উপজেলা পর্যায়ের সংবাদযোদ্ধাদের জন্য ন্যূনতম ৩ হাজার, জেলা পর্যায়ের জন্য ন্যূনতম ৫ হাজার এবং কেন্দ্রীয় বা পত্রিকাটির দপ্তরে কর্মরতদের জন্য সরকারিভাবে মাসিক ১০ হাজার টাকা ভাতা দেয়ার পাশাপাশি সার্কুলেশন ও বিজ্ঞাপন বিভাগে কর্মরতদের জন্য ন্যূনতম ২ হাজার টাকা সরকারি ভাতা বরাদ্দের দাবি জানাচ্ছি। এই দাবি বাংলাদেশ প্রেস ইউনিটি গত ১৭ বছর জানিয়ে আসছে। আশা করি অন্তত এবার টনক নড়বে। বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী এসময় বলেন, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর…’ শ্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। পরবর্তীতে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়। বাংলাদেশ প্রেস ইউনিটি অচিরেই নতুন সদস্য সংগ্রহ করবে, যাতে সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন হিসেবে বাংলাদেশে সর্বাধিক সক্রিয় সংগঠন হিসেবে কাজ করতে পারে।




