বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। কার্যক্রম চলবে ৭ জানুয়ারি বিকেল ৩টা পর্যন্ত।
রোববার (২২ নভেম্বর) বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীরা ৮ জানুয়ারি বিকেল ৩টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।
এবার মোট এক হাজার ৩০৯টি আসনের মধ্যে নিয়মিত আসন এক হাজার ৩০৫টি। এর বাইরে প্রকৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ মিলিয়ে চারটি আসন সংরক্ষিত রয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের জন্য এ আসনগুলো রাখা হয়েছে।
বিভাগভিত্তিক আসনের মধ্যে পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগে সর্বোচ্চ ১৯৫টি করে আসন রয়েছে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) এবং যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগে আছে ১৮০টি করে আসন। এছাড়া রাসায়নিক প্রকৌশল এবং শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগে ১২০টি করে আসন থাকছে।



