আন্তর্জাতিক ডেস্ক: পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে শেষ মুহূর্তে নেয়া বিভিন্ন পদক্ষেপ ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। আজ তার পদত্যাগপত্র গ্রহণ করেন প্রেসিডেন্ট লি জে মিয়ং । খবর বিবিসি।
দেশটিতে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’। এসময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল ঠেকাতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ ও পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ নেয়া হয়। তবে এসব উদ্যোগের পরও জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারেননি শিক্ষামন্ত্রী চোই কিও-জিন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ দেয়া এক পোস্টে চোই লিখেছেন, ‘কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে জনগণের সমালোচনা থেকে নিজেকে দায়মুক্ত মনে করি না। পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি।’
প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। প্রতিবছর অনুষ্ঠিত সুনেউং পরীক্ষা সর্বোচ্চ নয় ঘণ্টা ধরে চলে। দক্ষিণ কোরিয়ার লাখ লাখ শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পেশাজীবন নির্ধারণে এ পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ।
অত্যন্ত প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় জালিয়াতি নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোয় উদ্বেগ বাড়ছিল। বিশেষ করে এআই-সক্ষম ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের নকল করার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের সুনেউং পরীক্ষায় প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১১১ জনের কাছে অননুমোদিত স্মার্ট ডিভাইস পাওয়া গেছে।
গত সপ্তাহান্তে দেশটির জাতীয় কর হিসাববিজ্ঞান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া হান ওন-সক নকলের কথা স্বীকার করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। গত এপ্রিলে অনুষ্ঠিত ওই পরীক্ষার ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করেছিলেন ৩৪ বছর বয়সী হান।
তার অস্বাভাবিক ভালো ফল নিয়ে সন্দেহ তৈরি হলে তিনি এক ভিডিও বার্তায় নকলের কথা স্বীকার করেন। হান জানান, তিনি একটি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে তা এআইয়ের কাছে পাঠান। পরে স্মার্টফোনে উত্তর যাচাই করে নকল করেন। তার স্বীকারোক্তির পর কর্তৃপক্ষ সুনেউং পরীক্ষার মাত্র কয়েক দিন আগে জালিয়াতি ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়।
পরীক্ষার দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে দেশজুড়ে তিন দফা জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে পুরো দক্ষিণ কোরিয়ায় একযোগে মোবাইল ফোন বেজে ওঠে। ফোন নীরব অবস্থায় থাকলেও কিংবা ডেটা রোমিং ব্যবহারকারী পর্যটকদের ফোন হলেও সতর্কবার্তার শব্দ শোনা যায়। তবে ফোন বন্ধ থাকলে বা উড়োজাহাজ মোডে থাকলে তা বেজে ওঠেনি। পরীক্ষায় নকল ঠেকাতে দেশটির জাতীয় দুর্যোগ সতর্কতা ব্যবস্থা ব্যবহারের ঘটনা ছিল এটিই প্রথম।
এছাড়া পরীক্ষার্থীদের শার্ট ও জ্যাকেটের বোতাম ঢেকে রাখতে বলা হয়, যাতে সেগুলোর আড়ালে কোনো গোপন ক্যামেরা ব্যবহার করা না যায়। চশমাও পরীক্ষা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব পদক্ষেপে সৎ পরীক্ষার্থীদের মধ্যেও সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়।



