ক্রীড়া ডেস্ক: এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের পছন্দের তিন খেলোয়াড়ের নাম জানিয়েছেন উসমান দেম্বেলে, যার হাতে গত মৌসুমে উঠেছিল শ্রেষ্ঠত্বের এই খেতাব। তার তালিকায় জায়গা হয়নি বার্সেলোনার কিশোর তারকা লামিনে ইয়ামালের।
গত বছর ২০২৪-২৫ মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ক্লাব ইতিহাসের প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন দেম্বেলে। এবারও হট-ফেবারিট তিনি। তবে দেম্বেলে নিজে উত্তরসূরি হিসেবে তিনজনকে এগিয়ে রেখেছেন।
‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, ‘ফ্রান্স ফুটবল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের এই ফরোয়ার্ড তার পছন্দের তালিকায় রেখেছেন স্বদেশি কিলিয়ান এমবাপ্পে, পিএসজি সতীর্থ খভিচা কাভারাতস্কেলিয়া এবং ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইনকে।
দেম্বেলে বলেন, ‘আমি মনে করি না এই ট্রফি নিয়ে কোনো সন্দেহ আছে। আমার মনে হয়, এটি পিএসজির কোনো খেলোয়াড়ের হাতেই থাকবে। আমার তিন পছন্দ? একটু মিশ্র তালিকা- কাভারাতস্কেলিয়া, হ্যারি কেইন, যে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে এবং আমি মনে করি কিলিয়ান এমবাপ্পে।’
২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এমবাপ্পে। ফ্রান্সকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। অন্যদিকে, গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৩ গোল করেছেন কেইন।
কাভারাতস্কেলিয়াও পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। চ্যাম্পিয়নস লিগ ও লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার অভিযানে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তবে ইয়ামালকে নিয়ে প্রশ্ন করা হলে দেম্বেলে স্পষ্ট করে দেন, ১৯ বছর বয়সী এই তারকা তার শীর্ষ তিন পছন্দের মধ্যে নেই।
দেম্বেলে বলেন, ‘ইয়ামাল আমার শীর্ষ পছন্দের মধ্যে নেই। তবে আমি তাকে এমন আরেকটি দলে রাখছি, যেখানে থাকা খেলোয়াড়দের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আছে। আরও অনেকেই আছে। মাইকেল অলিসও তাদের মধ্যে থাকতে পারে, কারণ সে অবিশ্বাস্য একটি মৌসুম কাটিয়েছে। সে বুন্দেসলিগার সেরা খেলোয়াড় ছিল।’
২০২৬ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি বার্সেলোনার হয়ে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপও জিতেছেন ইয়ামাল। এত সাফল্যের পরও দেম্বেলের সেরা তিনে জায়গা না পাওয়ায় ব্যালন ডি’অর নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
এবারের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হবে। আগামী ২৬ অক্টোবর বসবে এবারের জমকালো আয়োজন।




