আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাটের কারণে ইমেইল ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা বন্ধ বা ব্যাহত হয়েছে।
এতে বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী চরম ভোগান্তিতে পড়েছেন। মাইক্রোসফট জানিয়েছে, কোনো সাইবার হামলার কারণে এই বিভ্রাট ঘটেনি। তবে সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটির প্রচেষ্টা এখন পর্যন্ত তেমন একটা সফল হয়নি।
সংযোগ সংক্রান্ত জটিলতার কারণে মাইক্রোসফট ৩৬৫-এর অধীনে থাকা টিমস, আউটলুক এবং মাইক্রোসফটের এআই সফটওয়্যার কোপাইলট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ব্যবহারকারী ইমেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না, এমনকি ক্যালেন্ডার অ্যাপের তথ্য ও ফাইলও দেখতে পাচ্ছেন না। তবে কিছু ব্যবহারকারী টিমসের মেসেজিং ও অনলাইন মিটিং ফিচার স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছেন বলে জানা গেছে।
মাইক্রোসফটের ওয়েবসাইট অনুযায়ী, বিশ্বজুড়ে ৪৩ কোটিরও বেশি মানুষ মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন। বিভ্রাটের প্রকৃত মাত্রা এখনো নিশ্চিত না হলেও, বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭৪টি দেশের অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
বিশ্বজুড়ে অসংখ্য প্রতিষ্ঠান মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করায় এর প্রভাব অন্যান্য সেবাতেও পড়েছে। এআই প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রপিক উভয়ই এই বিভ্রাটের কারণে সেবা ব্যাহত হওয়ার কথা জানিয়েছে। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সেবার সঙ্গে সংযোগে সমস্যার কারণে তাদের কিছু টুল ঠিকমতো কাজ করছে না।
এছাড়া সিঙ্গাপুর সরকার এবং অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও এই বিভ্রাটে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। যুক্তরাজ্যের বেশ কয়েকটি চিকিৎসাকেন্দ্র সম্ভাব্য সমস্যার বিষয়ে সতর্কতা জারি করেছে এবং রোগীদের ইমেইল বা ওয়েব ফর্মের পরিবর্তে জরুরি প্রয়োজনে ফোনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
মাইক্রোসফট সাইবার হামলার আশঙ্কা নাকচ করে দিয়ে জানিয়েছে, তাদের অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণে এই চলমান বিভ্রাট তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, বিপুলসংখ্যক সার্ভার ‘অপ্রত্যাশিতভাবে অকার্যকর’ হয়ে পড়ায় বাকি সার্ভারগুলোর ওপর অতিরিক্ত ট্রাফিকের চাপ পড়ে এবং সেগুলোও অচল হয়ে যায়।
শুক্রবার সকালে মাইক্রোসফট জানিয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় তারা সামান্য সাফল্য পেয়েছে। সর্বশেষ বার্তায় প্রযুক্তি জায়ান্টটি বলেছে, সার্ভারের অবস্থা মূল্যায়ন এবং সক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নিতে তারা বিভিন্ন অঞ্চলের কার্যক্রম পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। এর আগের এক বিবৃতিতে মাইক্রোসফট স্বীকার করেছিল যে, সমস্যা সমাধানে তাদের নেওয়া পদক্ষেপগুলো ‘প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না’।
অস্ট্রেলীয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বিবিসিকে বলেন, এই বিভ্রাটের সুদূরপ্রসারী প্রভাব থাকতে পারে। তার মতে, “মাইক্রোসফট ইন্টারনেটের মেরুদণ্ডের একটি বিশাল অংশ এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইমেইল এখনো কতটা গুরুত্বপূর্ণ। এই বিভ্রাট শুধু মানুষের কাজের সক্ষমতাই ব্যাহত করেনি, বরং অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যোগাযোগ, ভেরিফিকেশন প্রয়োজন এমন কেনাকাটা এবং অ্যাকাউন্টে প্রবেশের মতো জরুরি কাজগুলোও থামিয়ে দিয়েছে।
নিউজিল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান গরিলা টেকনোলজির পল স্পেইন বলেন, ইমেইল ও অন্যান্য সেবা অফলাইনে চলে যাওয়ায় প্রতিষ্ঠানগুলোর কার্যত একটি ‘কর্মদিবস নষ্ট’ হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত হতাশাজনক।



